টিম বিন্দাস: নিজের অভিনেত্রী স্ত্রীকে নিয়ে নিজেরই পরিচালনায় ছবি তৈরি করতে চলেছেন হলিউড তথা ইউরোপের জনপ্রিয় তারকা আন্তোনিও ব্যান্ডেরাস। ‘আকিল’
নামাঙ্কিত এই ছবিটির মাধ্যমেই পরিচালকের শিরোপা তৃতীয়বার মাথায় তুলতে
চলেছেন ৫২ বছর বয়সী ব্যান্ডেরাস। তাঁর স্ত্রী মেলাইন গ্রিফিথের এই ছবি
প্রযোজনা করবে গ্রিন মুন শিঙ্গলে সংস্থা, যার কর্ণধার আদতে ব্যান্ডেরাসই।
সংস্থাটির মূল অফিস স্পেনের মালাগা-তে। আকিল আসলে এক আফ্রিকান বালকের নাম।
এই বালক পুলিসের তাড়া খেয়ে ডিঙিতে চড়ে স্পেনে এসে পৌঁছয়। স্পেনে সে
আশ্রয় নেয় এক মার্কিনি মহিলার বাড়িতে। ধীরে ধীরে এদের মধ্যে গড়ে ওঠে এক
অনুপম সম্পর্ক। ‘এ ছবি অবশ্যই ভালবাসার গল্প। কিন্তু এই ভালবাসা বা প্রেম
গড়ে উঠছে ভিন্ন মেরুর দুই চরিত্রের মধ্যে, যা বাস্তবে অসম্ভব। বয়সের
ব্যবধান শুধু নয়, সমাজপ্রেক্ষিত, ধর্ম, সংস্কৃতি, রুচি, শিক্ষা সব দিক
থেকেই দু’জনে একেবারে আলাদা। এদের মধ্যে প্রেম সম্ভব? হ্যাঁ, সম্ভব। শেষে
পরিস্থিতি এমন হয় যে একজন আর একজনের আবশ্যিক সঙ্গী হয়ে যায়।’—এভাবেই
ছবিটির কাহিনীসূচক সম্পর্কে জানিয়েছেন পরিচালক ব্যান্ডেরাস। তবে ‘আকিল’ এর
চরিত্রে কে অভিনয় করবে তা এখনও ঠিক হয়নি। পরিচালনা শুধু নয় প্রযোজনার
দায়িত্বও ব্যান্ডেরাসের। তিনি পরিষ্কার বলেছেন, ‘আমার দেশ স্পেন এখন
টাকাকড়ির বেশ ক্রাইসিস। ছবির জন্য ফান্ড যোগাড় করা কঠিন। ফলে নিজেই সবটা
করে ফেলার চেষ্টা করছি’। এর
আগে ব্যান্ডেরাস ‘ক্রেজি ইন আলাবামা’ এবং ‘সামার রেইন’ ছবি দুটি পরিচালনা
করেছেন। ‘আকিল’ এর চিত্রনাট্য লেখার কাজ অবশ্য সেরে ফেলেছেন তিনি। শুটিং
শুধু সময়ের অপেক্ষা।
0 মন্তব্য: